কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত  করোনা শনাক্ত ১১ জন রোগী ও উপসর্গে মারা যান ৬ জন।  

হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগী ও উপসর্গে  মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬৮ জন।

এদিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে প্রতি ২৪ ঘণ্টা অন্তর অন্তর প্রাপ্ত ফলাফলে জেলায় নতুন করোনা রোগী বাড়ছেই। ঈদের পরদিন ২২ জুলাই নতুন ৫৭ রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ২৯ শতাংশ। এদিকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে করোনা শনাক্ত রোগী ১৭৯ জন ও উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি ছিল ৫৬ জন রোগী। বাড়তি রোগীর চিকিৎসা চলছে ওয়ার্ডের বারান্দা-মেঝেতেই।অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হাসপাতালে এখনো বেড বাড়ানোর উদ্যোগ নেই। 

সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বগতি। সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ রোধের কোন বিকল্প নেই বলে তিনি জানান। 

ইত্তেফাক/এএএম