শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ৩য় ও শেষ ওয়ানডেতে ৫ জন নতুন ক্রিকেটারের অভিষেক করিয়ে বিরল এক রেকর্ড করলো ভারত। ওয়ানডে ক্রিকেটে এমন ঘটনা নজিরবিহীন। এই শতাব্দীতে এমন ঘটনা দেখেনি ক্রিকেটবিশ্ব।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারতীয়রা। ওয়ানডে সুপার লিগের ম্যাচ হলেও ভারতের জন্য সেটি গুরুত্বপূর্ণ নয়। কারণ আয়োজক দেশ হিসেবে আগামী বিশ্বকাপে এমনিতেই খেলতে পারবে তারা। সুতরাং সুপার লিগের হিসাবনিকাশ তাদের জন্য নয়। সে হিসেবে বরং নিজেদের বেঞ্চটা পরখ করে দেখাকেই গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয়রা। এক ম্যাচে তার ৫ অভিষিক্তের পাশাপাশি ২য় ম্যাচের জয়ী একাদশে ৬টি পরিবর্তন নিয়ে নেমেছে ভারত।
উইকেটকিপার ও টপঅর্ডার ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন, মিডল অর্ডার ব্যাটসম্যান নিতিশ রানা, অফস্পিন অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম, লেগস্পিনার রাহুল চাহার ও বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার অভিষেক হলো জাতীয় দলের জার্সিতে। এছাড়া ভারতের হয়ে ৭টি ওয়ানডে খেলা নবদ্বীপ সাইনিও ফিরেছেন দলে।
Five players are making their ODI debut for India today – Sanju Samson, Nitish Rana, Rahul Chahar, Chetan Sakariya and K Gowtham ????#SLvINDpic.twitter.com/q6NYWV4W9N
— ICC (@ICC) July 23, 2021
তাদেরকে জায়গা করে দিতে বসানো হয়েছে ইশান কিশান, ক্রুনাল পান্ডে, দিপক চাহার, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব ও য়ুজভেন্দ্র চাহালকে।
নিজেদের ইতিহাসের ১ম ওয়ানডে ছাড়া এর আগে একবারই এতগুলো পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলো ভারত। সেটি ১৯৮০ সালে। চার দশক পর আবারো এমন নজির দেখালো তারা।
ভারতের এমন কাণ্ডের দিনে ৩টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কাও। হাসারাঙ্গা ও রাজিথা ইনজুরিতে পড়ায় তাদের পরিবর্তে দলে নেয়া হয়েছে রামেশ মেন্ডিস ও আকিলা ধনঞ্জয়াকে। একইসঙ্গে অফফর্মে থাকায় একাদশ থেকে ছিটকে পড়েছেন সানদাকান। তার পরিবর্তে ওয়ানডেতে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমার। এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার।
যেভাবেই হোক একটি ম্যাচ জিততে বদ্ধপরিকর লঙ্কানরা। সবশেষ ১০টি ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। সুপার লিগের পয়েন্ট টেবিলের একেবারে তলানীর দিকে আছে শ্রীলঙ্কা।
এরইমধ্যে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান। তবে বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলা বন্ধ আছে। তার আগপর্যন্ত ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। অভিষেক ম্যাচে ৪৬ রান করে আউট হয়েছেন সাঞ্জু স্যামসন। তাকে আউট করেছেন লঙ্কান অভিষিক্ত জয়াবিক্রমা।
ইত্তেফাক/এএএন