রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ও উপসর্গে চারদিনে ৮২ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই সকাল থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ২১ জন করোনা পজিটিভ, ৬০ জন করোনার উপসর্গে এবং ১ জন পজিটিভ থেকে নেগেটিভ হয়ে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, এ নিয়ে জুলাই মাসের ২৩ দিনে রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৪১৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে সবচেয়ে বেশী মারা যান ১৪ জুলাই ২৫ জন ও সবচেয়ে কম ৪ জুলাই ১২ জন। এর আগে গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গে মারা যান ৪০৫ জন।
রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নাটোরের ১৭ জন, নওগাঁর ৯, পাবনার ১০ জন ও কুষ্টিয়ার ১ জন। শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪১২ জন। এদের মধ্যে রাজশাহীর ২১৬, চাঁপাইয়ের ২২, নাটোরের ৬২, নওগাঁর ৪০, পাবনার ৫২, কুষ্টিয়ার ১০, চুয়াডাঙ্গার ২, জয়পুরহাটের ৩, মেহেরপুর ১, সিরাজগঞ্জের ১, ঝিনাইদহের ২ ও ব্রাহ্মণবাড়িয়ার ১ জন। আইসিইউতে ভর্তি আছেন ১৯ জন। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। এদের মধ্যে রাজশাহীর ৩০, চাঁপাইয়ের ৫, নাটোরের ৯, নওগাঁর ৫, পাবনার ১০ জন, কুষ্টিয়ার ১ ও মেহেরপুরের ১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ জন।
পরিচালক জানান, শুক্রবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪১২ জনের মধ্যে ১৮৬ জনের করোনা পজিটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৩ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তী শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ জন। তিনি জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ এবং হাসপাতালের পৃথক ল্যাবে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ চার জেলার ২০৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ৪৬ জনের। রাজশাহীতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ৩৩.৩০% এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬.৬০%।
ইত্তেফাক/এমএএম