কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
কোটালীপাড়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পাড়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত সোমবার বিকালে পাড়াকাটা গ্রামের কিশোররা দুই ভাগে ভাগ হয়ে স্থানীয় জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলে। খেলায় জয়-পরাজয় নিয়ে ঐ দিন উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বুধবার সকালে পাড়াকাটা গ্রামের স্বপন গাইনের ছেলে সজল গাইনের সঙ্গে আজাহার মল্লিকের ছেলে জামাল মল্লিকের কথা-কাটাকাটি হয়। এরপর দুই দল গ্রামবাসী বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া থানা ও ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের এএসআই মাসুদ, কনস্টেবল মহাসীন গাজী ও মাহাবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।