বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার গালেংগ্যা এলাকায় মাটির নিচ থেকে মঙ্গলবার ২৯টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেনা রিজিয়নের বলীপাড়া জোনের অভিযানে এ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। সেনা রিজিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গালেংগা এলাকার রাস্তার মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলগুলো পাওয়া যায়।
বিজিবি বলীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল খন্দরকার মুহম্মদ শরীফ-উল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, আগে হয়তো সেখানে সন্ত্রাসী গোষ্ঠীর গোপন আস্তানা ছিল। নিরাপত্তা বাহিনীর তত্পরতার কারণে সন্ত্রাসীরা টিকতে না পেরে মর্টার শেলগুলো মাটির নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।