ময়মনসিংহ প্রতিনিধি
ঈদের পর ১৪ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শুক্রবার ময়মনসিংহ নগরী ছিল ফাঁকা। সকাল থেকেই মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীন টহল থাকায় লোকজন রাস্তায় বের হননি। অযথা কেউ ঘর থেকে বের হলে জবাবদিহিতার পাশাপাশি জরিমানা দিতে হচ্ছে। যানবাহন চলাচল করতে দেখা যায়নি। লকডাউন বাস্তবায়নে নগরীতে ৪০টি ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত রয়েছে।
শরণখোলায় পথচারীসহ
দোকানদারকে জরিমানা
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শরণখোলায় বিধিনিষেধ অমান্য করায় শুক্রবার সকালে পথচারীসহ দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাতুনে জান্নাত উপজেলা সদর রায়েন্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিনা কারণে বিধিনিষেধ ভঙ্গ করে বাজারে আসায় পাঁচ জন পথচারী ও এক দোকানদারকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতুনে জান্নাত জানান, সরকারের কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলার সর্বত্র মোবাইল কোর্ট পরিচালিত হবে।
মাস্ক না পরায় চার জনকে
জরিমানা
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা জানান,
কাঠালিয়ায় শুক্রবার মাস্ক না পরায় চার জনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। কাঠালিয়া বাজার, বটতলা ও আমুয়া এলাকায় অভিযান চালিয়ে মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
হোমনায় লকডাউন অমান্য
করায় জরিমানা
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান,
হোমনায় লকডাউন অমান্য করে মোটর সাইকেল নিয়ে অহেতুক ঘোরাফেরা করা এবং সিএনজিচালিত থ্রি হুইলার চালানোর দায়ে ছয়টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে হোমনা চৌরাস্তা, বাজার ও সিএনজি স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, লকডাউন অমান্য করায় ছয়টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।