ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ বিভাগের বিভাগীয় প্রধান উপ-পরিচালক আবুল হোসেনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সারত অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।
ফায়ার সার্ভিস সদরদপ্তর জানায়, আবুল হোসেন ১৯৮৩ সালের ৭ ডিসেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে স্টেশন অফিসার হিসেবে যোগদান করেন। এরপর তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে ওয়ারহাউজ ইন্সপেক্টর, সিনিয়র স্টেশন অফিসার, উপসহকারী পরিচালক এবং সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি উপপরিচালক পদে পদোন্নতি লাভ করেন এবং গত বছরের ৯ জানুয়ারি থেকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব পালন করছিলেন। আগামী ২ অক্টোবর তার স্বাভাবিক চাকরিজীবন শেষে অবসরে যাওয়ার কথা ছিল। আবুল হোসেন ১ ছেলে ৩ মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।