তদন্তে চীনের বিরোধিতা দায়িত্বজ্ঞানহীন :যুক্তরাষ্ট্র
g বিবিসি ও এএফপি
চীনে করোনা ভাইরাসের উত্স অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় ধাপের পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছে বেইজিং। করোনার উত্পত্তি অনুসন্ধানে আরো সহযোগিতা করতে চীনকে সম্প্রতি আহ্বান জানান সংস্থাটির প্রধান। এই আহ্বান নাকচ করে দিয়েছেন চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী। এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বৃহস্পতিবার বলেছেন, কভিড-১৯ মহামারির উত্পত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের বিরুদ্ধে চীনের বিরোধিতা ‘দায়িত্বজ্ঞানহীন’এবং ‘বিপজ্জনক।’
করোনা মহামারির উত্পত্তির খোঁজে চীনের ল্যাব এবং উহান শহরের কাঁচাবাজারে নতুন করে তদন্তের পরিকল্পনার কথা জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রিয়াসুস। কারণ, গতবার বিশেষজ্ঞদের তদন্তের ফলাফল নিয়ে অসন্তোষ জানায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ। ফলে নতুন করে চীনে অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য অনেকটা চাপ দেয় ওয়াশিংটন। পরবর্তী কালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গ্যাব্রিয়াসুস জানান, করোনার উত্স অনুসন্ধানে চীনে যাওয়া তাদের তদন্ত দলকে এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়নি। এমনকি তদন্তকারী দলের সদস্যদের ভাইরাসের প্রাথমিক তথ্য পেতে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হয় বলেও অভিযোগ করে তিনি।
এমন অবস্থায় দ্বিতীয় দফায় চীনে করোনার উত্স অনুসন্ধানের পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে বেইজিং। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উপ-স্বাস্থ্যমন্ত্রী জেং জিয়ান বলেন, ‘এই পরিকল্পনার অর্থ হলো—আমাদের প্রতি অসম্মান প্রদর্শন করা এবং তারা বিজ্ঞানকে অবিশ্বাস করে।’ চীনা কর্তৃপক্ষের মতে, ‘এই বিষয়টি নিয়ে রাজনীতি করা হচ্ছে, চীন কখনোই তা গ্রহণ করবে না’। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর উহান থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে। এক পর্যায়ে মহামারির আকার ধারণ করে।
২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। ভাইরাসের উত্স শনাক্ত করতে চার সপ্তাহ ধরে উহান ও সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালান তারা। চীনের উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ল্যাব প্রটোকল ভঙ্গ করায় গবেষণার সময় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, এ অনুমান থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবার করোনার উত্স নিয়ে গবেষণা করতে চায়। সংস্থাটির প্রস্তাবের এই অংশ পড়ে আমি বিস্মিত হয়েছি। দ্বিতীয় দফায় চীনে অনুসন্ধানের প্রস্তাব আমরা কখনোই মেনে নেব না। আশা করি, চীনের বিশেষজ্ঞদের পরামর্শ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে ডব্লিউএইচও।’
এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বৃহস্পতিবার বলেছেন, ‘কোভিড-১৯ মহামারির উত্পত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তের বিরুদ্ধে চীনের বিরোধিতা দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। চীনের উহান নগরীসহ যে এলাকায় প্রথম করোনা ভাইরাস চিহ্নিত হয়েছে, সেখানকার ল্যাব অডিট করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধের তীব্র সমালোচনা করার পর পাসাকি সাংবাদিকদের বলেন, তাদের অবস্থান দায়িত্বজ্ঞানহীন’ এবং সুস্পষ্ট বিপজ্জনক। এখন বাধা সৃষ্টি করার সময় নয়।’