এ লড়াইয়ে জিততে হবে :প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। ঈদের আগের দিন মঙ্গলবার সকালে এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে জিততেই হবে। ভিডিওবার্তার শুরুতেই দেশবাসীকে সালাম জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সবাইকে। প্রবাসী ভাইবোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।’

করোনা ভাইরাস মহামারির মধ্যেই বুধবার ঈদুল আজহা উদ্যাপন করেছে বাংলাদেশ। এবার এমন এক সময়ে ঈদ এসেছে যখন মহামারির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাংলাদেশের মানুষকে। প্রধানমন্ত্রী বলেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে। এবং আমরা জিতব ইনশাল্লাহ।’