মুন্সীগঞ্জের মাওয়ার কাছে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে একটি রো রো ফেরির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জখম হয়েছে অন্তত ২০ যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পিলারের বড় ধরনের ক্ষতি না হলেও ঘটনার পুনরাবৃত্তি রোধে সেতু কর্তৃপক্ষ এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে বলেছেন। এদিকে দুপুরে দায়িত্বে অবহেলার জন্য ফেরিটির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিআইডব্লিউটিসি। এছাড়া এ ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ও যাত্রীরা জানায়, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি ‘শাহজালাল’ পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লেগে ফেরির সামনের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা লাগে। এ সময় ফেরির প্রায় দুই হাজার যাত্রীর অনেকেই ফেরিতে পড়ে যায়। এদের মধ্যে অন্তত ২০ জন জখম হয়েছে। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের কেন্টিন।
ফেরিটির মাস্টার আব্দুর রহমান জানান, সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে শিমুলিয়া আসার পথে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের কাছে আসা মাত্র ফেরির বৈদ্যুতিক সার্কিট ব্রেকার পড়ে যায়। এতে স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্র্রোতে ফেরিটির সামনের অংশ সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। ভাগ্য ক্রমে বেঁচে যায় যাত্রীরা। মাস্টার আরো জানান, আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেত পারত। পরে দ্রুত আবার ফেরিটি চ্যানেলে এনে শিমুলিয়া ঘাটের দিকে রওনা হয়। ১০ টার কিছু আগে শিমুলিয়া ৩ নম্বর ঘাটে ফেরিটি পৌঁছায়। পরে মাথা ফেটে যাওয়া জখম যাত্রীদের হাসপাতালে নেওয়া হয়।
পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই এ নিয়ে ৩টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছে। পদ্মা সেতুর মত জাতীয় সম্পদটির রক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি। সেতুটির নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের জানান, এর আগে ২ ও ১৬ জুলাই অপর ২টি ফেরি সেতুর পিলারে আঘাত করেছিল। বিআইডব্লিউটিসির পরিচারক মো. আশিকুজ্জামান জানিয়েছেন, পদ্মা সেতুর সাথে ধাক্কার ঘটনায় শাহজালাল ফেরির মাস্টার আবদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফেরিটি শিমুলিয়ার ভাসমান ওয়ার্কশপে মেরামত হচ্ছে।
এদিকে সেতুর পিলারে ধাক্কার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিসি এ কমিটি গঠন করে। দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আগামী তিন দিনের মধ্যে সংস্থার চেয়ারম্যান বরাবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’