রাজধানীর গুলশানের ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলা থেকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, পুলিশ তদন্ত করে দেখতে পেয়েছে যে এই আত্মহত্যার পেছনে মামলায় অভিযুক্ত করা আসামির কোনো সংশ্লিষ্টতা নেই। তাই পুলিশ ঐ আসামিকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। গত ১৯ জুলাই আদালতে এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার ওসি আবুল হাসান। এ প্রতিবেদনের ওপর আগামী ২৯ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে।
তবে মামলার বাদী মুনিয়ার বড় বোন নুশরাত জাহান তানিয়া গত বুধবার গণমাধ্যমের কাছে এক সাক্ষাত্কারে জানিয়েছেন, তার মামলায় যদি পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়, তাহলে তিনি আদালতে নারাজি জানাবেন।
গত ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে গুলশান-২ নম্বরের ১২০ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ঐ দিন রাতেই গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন তার বড় বোন নুশরাত জাহান তানিয়া। এতে আসামি করা হয় বসুন্ধরা গ্রুপের এমডিকে।
মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি আবুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল আনভীরের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম শহিদুল ইসলাম। সেই সঙ্গে ৩০ মের মধ্যে আদালতে মামলার প্রতিবেদন জমার আদেশ দেন তিনি। পরের দিনই মামলাটি থেকে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আনভীর।