‘অলিম্পিক লরেল’ গ্রহণ করলেন ড. ইউনূস

নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ‘অলিম্পিক লরেল’ পুরস্কার গ্রহণ করেছেন। গতকাল শুক্রবার জাপানের টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। ক্রীড়ার মাধ্যমে উন্নয়নের জন্য তার ব্যাপক কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে।

গতকাল ফেসবুকে দেওয়া এক পোস্টে ড. ইউনূস বলেন, অলিম্পিক লরেল গ্রহণ করে আমি সম্মানিত এবং অভিভূত। কিন্তু সেখানে সবার সঙ্গে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে না পারায় দুঃখ হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ক্রীড়ার সঙ্গে সামাজিক মাত্রা যুক্ত করার বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। আপনারা, ক্রীড়াবিদরা বিশ্বকে পরিবর্তনে নেতৃত্ব দিতে পারেন। তিনি তিন শূন্যের বিশ্ব গড়তে (শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য দূর করতে শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ ও শূন্য বেকারত্ব) আহ্বান জানান। একই সঙ্গে আইওসির সাফল্য কামনা করেন। ৮১ বছর বয়সি এই অর্থনীতিবিদ ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

প্রসঙ্গত, খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া মানুষদের জন্য এই পুরস্কারের প্রবর্তন করে আইওসি। দ্বিতীয় ব্যক্তি হিসেবে এটি পেয়েছেন ড. ইউনূস। তিনি ‘ইউনূস স্পোর্টস হাব’ এর মাধ্যমে একটি সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানে খেলাধুলার মাধ্যমে উন্নতির পথকে আরো সহজীকরণের চেষ্টা করা হয়।