রংপুর মেডিক্যাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাচারের চেষ্টা!

ঢাকার কোভিড হাসপাতালের ভুয়া চাহিদাপত্র দেখিয়ে গতকাল শুক্রবার বিকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের স্টোর থেকে অক্সিজেন সিলিন্ডার নিতে এসে ধরা পড়েছে ৬ প্রতারক। জব্দ করা হয়েছে তাদের তিনটি খালি ট্রাক। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অক্সিজেন সিলিন্ডার পাচারচক্রের সদস্য সন্দেহে গতকাল বিকালে তিন ট্রাকের চালক ও হেলপারকে আটক করেন হাসপাতালের কর্মচারীরা। আটককৃতরা হলো দিনাজপুর সদর উপজেলার বাসিন্দা ট্রাকচালক জহুরুল ইসলাম, মো. হাবিল, মো. সুজন হোসেন ও হেলপার সাঈদ হাসান, সাইফুল ইসলাম এবং আশিক রায়। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলায়।

এদিকে ট্রাকচালক হাবিলের কাছ থেকে জব্দ করা বুকিং চালানে দেখা গেছে, রেজাউল নামে এক ব্যক্তি অক্সিজেন সিলিন্ডার রংপুর থেকে ঢাকায় পরিবহনের জন্য ৪০ হাজার টাকায় ট্রাক ভাড়া করেছেন। চালানে ট্রাকচালকের ফোন নম্বর থাকলেও রেজাউলের কোনো নম্বর ছিল না।

এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ইনচার্জ সাঈদ বাবু বলেন, শুক্রবার বিকালে ঢাকা থেকে হাসপাতালে এক ট্রাক অক্সিজেন সিলিন্ডার আসার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে দিনাজপুর থেকে আসা খালি ট্রাক তিনটি চালান নিয়ে স্টোরে যোগাযোগ করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে তাদের আটক করে বিষয়টি পুলিশে জানানো হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এটি কোনো প্রতারক চক্রের ষড়যন্ত্র হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, অক্সিজেন সিলিন্ডার চুরি বা পাচারের চেষ্টার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা জানতে ট্রাকের চালক ও হেলপারসহ ছয় জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে মূল বিষয়টি উদ্ঘাটিত হবে।