কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

কিউবার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করল বাইডেন প্রশাসন। এর মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমবেদনা জানানো হলো। সপ্তাহখানেক ধরে কিউবায় কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে। অভিযোগ, কিউবার প্রশাসন বলপ্রয়োগ করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করছে। যারা সে কাজ করছে, তাদের বিরুদ্ধেই এবার নতুন করে নিষেধাজ্ঞা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার বাইডেন জানিয়েছেন, যেভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনরত মানুষের উপর কিউবার প্রশাসন আক্রমণ চালাচ্ছে, তা মেনে নেওয়া যায় না। ৬২ বছর ধরে এভাবেই কণ্ঠরোধ করা হয়েছে কিউবার মানুষের। আমেরিকা আন্দোলনকারীদের সমর্থন করছে। বাইডেন জানিয়েছেন, এক ব্যক্তি এবং একটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। মনে করা হচ্ছে, আন্দোলনকারীদের উপর আক্রমণের ক্ষেত্রে ঐ ব্যক্তির হাত আছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রয়োজনে কিউবার বিরুদ্ধে আরো কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে। —ডয়চেভেলে