ইসরাইলের এনএসও গ্রুপের তৈরি পেগাসাস সফটওয়্যার দিয়ে ফোনে আড়িপাতার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে ইসরাইল সরকার। এই সফটওয়্যারের অপব্যবহার হয়েছে সেই বিষয়ে তদন্ত করবে কমিশন। বিভিন্ন দেশে পেগাসাস দিয়ে ফোনে আড়িপাতার খবর ফাঁস হওয়ার পর ইসরাইলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে ফোনে আড়িপাতার খবর প্রকাশিত হওয়ার পর নিজের মোবাইল ফোনটিই পরিবর্তন করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। খবর ডয়চেভেলে ও আলজাজিরার
বৃহস্পতিবার তদন্ত কমিশন গঠন করার কথা জানান ইসরাইলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান র্যাম বেন বারাক। ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সাবেক উপ-প্রধান বেন বারাকই কমিশনের নেতৃত্ব দেবেন। তিনি আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছেন, সাধারণত পেগাসাস নামের স্পাইওয়্যার দিয়ে সন্ত্রাসী চক্রকে ধরা হয় এবং এর সফলতাও আছে। কিন্তু এখন জানা যাচ্ছে, রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন দেশে বিরোধী নেতাদের ফোনেও আড়িপাতা হয়েছে। এই স্পাইওয়্যারের অপব্যবহার করা হয়েছে কি না, কিংবা কোনো দায়িত্বজ্ঞানহীন সংস্থার কাছে বিক্রি করা হয়েছে কি না, সেটা আমাদের খতিয়ে দেখা প্রয়োজন।
এনএসও গ্রুপের প্রধান নির্বাহী শালেভ হুলিও বলেন, ‘সরকারের পক্ষ থেকে তদন্ত কমিশন গঠন করায় আমরা আমাদের অবস্থান পরিষ্কার করতে পারব। এনএসও গ্রুপ গ্রাহকদের পরিচয় প্রকাশ করে না। তবে কমিশন চাইলে বিস্তারিত জানানো হবে। এদিকে এনএসও জোরের সঙ্গে জানিয়েছিল, ম্যাক্রোঁর ফোনে আড়িপাতা হয়নি। কিন্তু একটি ফরাসি সংবাদপত্র জানিয়েছিল, আড়িপাতার তালিকায় ম্যাক্রোঁর নাম আছে। এরপরই ম্যাক্রোঁ তার ফোন বদল করে নিয়েছেন। এক ফরাসি কর্মকর্তা সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘প্রেসিডেন্টের অনেকগুলো নম্বর আছে। তার মানে এই নয় যে, তার ফোনে আড়িপাতা হচ্ছিল। বলতে পারেন, অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ম্যাক্রোঁ সাইবার সুরক্ষা নিয়ে জরুরি বৈঠক ডেকেছিলেন। সরকার এখন সাইবার সুরক্ষাকে আরো মজবুত করতে চাইছে। বিশ্বে ৫০ হাজার ফোনে আড়িপাতার খবর বেরিয়েছে। ফোন নম্বরের এই তালিকা আসলে ১৭টি সংবাদমাধ্যমের কনসোর্টিয়ামকে দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ফরবিডন স্টোরিস। মরক্কো এই অভিযোগ অস্বীকার করে দুই সংগঠনের বিরুদ্ধে মামলা করেছে।