পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গত ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ছয় দিনে প্রায় ৮৩ লাখ মোবাইল সিম রাজধানীর বাইরে গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। রাজধানীর বাইরে যাওয়া সিমের হিসাব দিয়ে ২১ জুলাই বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানান তিনি।
পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী লেখেন, ‘আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কয়দিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম।’ তিনি আরো লেখেন, ‘মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। একজনের ১৫টা পর্যন্ত সিম থাকতে পারে। আবার একটি সিমের সঙ্গে বহুজন ঢাকা ছেড়ে যেতে পারেন।’
ফেসবুকে দেওয়া মন্ত্রীর ঐ পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘মোটামুটি ধরে নেওয়া যায় ৫০ লাখ মানুষ ঢাকা ছেড়েছে।’ এর প্রত্যুত্তরে মোস্তাফা জব্বার বলেন, ‘হিসাবটা এমন হতে পারে; আমাদের দেশে গড়ে ১ দশমিক ৭ জনের একটা সিম আছে। তবে, এর সঙ্গে যুক্ত হবে সিম ছাড়া যারা পরিবারের সঙ্গে গেছে তারা।’
গ্রামীণ ফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি। পরিসংখ্যানে দেখা যায়, ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোনের মোট ৩৮ লাখ ৫৪ হাজার ৫৩৪টি নিবন্ধিত সিম ঢাকার বাইরে গেছে। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ১৯ লাখ ২৬ হাজার ২৮ ও ২১ লাখ ৩৩ হাজার ৭২৬ এবং ৩ লাখ ৫৩ হাজার ২৭৪টি সিম ঢাকার বাইরে গেছে।