নোয়াখালীতে দুই কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় গুলি তিন জন গুলিবিদ্ধসহ আহত ৫

জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব মধুপুর গ্রামে ঈদের দিন ঘুরতে বের হওয়া দুই কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোরীদের আত্মীয়দের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীদের ছোড়া এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তিন জন। আহত হয়েছেন আরো দুই জন। কালু, বিজয়, শাকিল, বাহারের নেতৃত্বে ১৫-২০ জন কিশোর-যুবক এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। গুলিবিদ্ধ মো. বেচু মিয়া (৫০), তার ছেলে মো. নুর নবী (১১) এবং মো. হাসানকে (২৬) নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া  হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পূর্ব মধুপুর গ্রামের দুই কিশোরী বাড়ির পাশে ঘুরতে বের হয়। এ সময় পশ্চিম মধুপুর গ্রামের কয়েক বখাটে দুই কিশোরীকে উত্ত্যক্ত করার পাশাপাশি তাদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করে। পূর্ব মধুপুরের কয়েক তরুণ তা দেখে ঐ বখাটেদের ছবি তুলতে নিষেধ করলে কথা কাটাকাটি হয়। এ সময় কিশোরীরা বাড়িতে গিয়ে তাদের স্বজনদের বিষয়টি জানালে তারা এসে অভিযুক্ত বখাটেদের শাসিয়ে যান। সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেন। পরে রাত ৮টার দিকে পশ্চিম মধুপুরের বখাটে অস্ত্রধারী কালু, বিজয়, শাকিল, বাহারের নেতৃত্বে ১৫-২০ জন কিশোর-যুবক পূর্ব মধুপুর গ্রামে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা কিশোরীদের আত্মীয়স্বজনদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশ অভিযান চালালে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।