এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে মোশাররফ করিম অভিনীত ধারাবাহিক নাটক ‘মেডেল’। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ। ‘মুরাদ ও ফিরোজ একই গ্রামের বাসিন্দা। একইসঙ্গে বেড়ে ওঠা, পড়াশোনা। কিন্তু বন্ধুও নয়, শত্রুও নয়, তবে তারা একে অপরের প্রতিযোগী। মুরাদ ফিরোজের চেয়ে দুই দিনের ছোট এবং দেখতে কালো। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে ফিরোজ প্রথম, মুরাদ দ্বিতীয় হয়। স্বাভাবিকভাবেই ফিরোজের গলায় ওঠে সোনালি রঙের মেডেল আর মুরাদের গলায় ওঠে রূপালি রঙের মেডেল। সেদিন বাড়ি ফিরে মুরাদ মেডেল ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফিরোজকে আর কোনোকিছুতেই প্রথম হতে দেবে না। সেই থেকে তাদের সবকিছু নিয়ে প্রতিযোগিতা চলছে তো চলছেই।