নির্মাতা মাসুদ সেজানের নাটক মানেই দর্শদের কাছে অন্যরকম আকর্ষণ। প্রতিটি নির্মাণেই তিনি ভিন্নতা আনার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক নির্মাণ করছেন তিনি। তার রচনা ও পরিচালনায় ‘ফকির মজনু’ শিরোনামের একটি নাটক আজ বাংলাভিশনে প্রচারিত হবে রাত ৯টা ৫৫ মিনিটে। নাটকটিতে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী সারিকা। এছাড়া নাটকটিতে আরো দেখা যাবে শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ, আহসান কবির, আল-আমিন, মতিউর রহমান, আব্দুল্লাহ রানা, সিলভিয়াসহ অনেককে। নাটকটির গল্পে উঠে আসবে একজন মানুষের গোপন বিষয় প্রকাশে আসার পর তার জীবনে ভর করা প্রতিকূলতার বিষয়টি। নাটকটির গল্পে দেখা যাবে, মিজানুর রহমান ওরফে মজনু মিয়ার হঠাত্ বাদশাহ হয়ে ওঠার গুমর ফাঁস হয়ে গেলে পরিচিত বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাই তাকে আবারো সেই চাকরি হারানোর দিনগুলোর মতো দূর দূর করতে থাকে। সবচেয়ে চেনা মানুষটিও হয়ে যায় অচেনা। এমনকি কেউ কেউ তাদের উপহার সামগ্রী ফেরত দেওয়ার জন্য মাজনুকে চাপও দেয়। হায় সেলুকাস! মজনু এখন কী করবে?
এমন নানা হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যাবে নাটকটির গল্প।