ভারত বায়োটেক ব্রাজিলের এক ওষুধ প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করার পরে সে দেশে কো-ভ্যাকসিনের ট্রায়াল বাতিল করা হয়েছে। ব্রাজিলের স্বাস্থ্য দপ্তরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে চুক্তি খারিজ করায় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।—আনন্দবাজার পত্রিকা
ব্রাজিলের প্রেসিসা মেডিকামেন্টোস নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কো-ভ্যাকসিন বিক্রি করার কথা ছিল ভারত বায়োটেকের। কিন্তু শুক্রবার সেই চুক্তি খারিজ করেছে তারা। যদিও কেন চুক্তি খারিজ করা হয়েছে তার কোনো কারণ দেখায়নি ভারত বায়োটেক। এদিন ভারত বায়োটেকের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভারত বায়োটেক ব্রাজিলের সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি বাতিল করছে। যদিও ব্রাজিলের ড্রাগ রেগুলেটরি বডি আনভিসার সঙ্গে কাজ করবে ভারত বায়োটেক। ব্রাজিল যাতে কো-ভ্যাকসিনকে ব্যবহারের অনুমতি দেয় তার জন্য পুরো প্রক্রিয়া শেষ করতে চায় কোম্পানি।’ কিছুদিন আগেই কো-ভ্যাকসিনের চুক্তি ঘিরে বিতর্ক ছড়িয়েছিল ব্রাজিলে। অভিযোগ ওঠে প্রেসিডেন্ট জায় বলসোনারোর বিরুদ্ধে। ভারত বায়োটেকের তরফে যে ২ কোটি টিকা পাঠানোর কথা ছিল তা পাঠানো হয়নি বলেও অভিযোগ ওঠে। এই বিতর্কের পরেই চুক্তি বাতিল করে ভারতের টিকা প্রস্তুতকারক সংস্থা।