নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা

নাগেশ্বরীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বালিকা বিদ্যালয় সংলগ্ন মিনাবাজার-রায়গঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন নয়ন মিয়া (৩০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ফকিরটারী গ্রামের আজিজুল ইসলামের ছেলে। অপরজন বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীকুটি গ্রামের সৈফুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২৯)। স্থানীয়রা জানান, নয়ন ও হামিদুল মোটরসাইকেলে মিনাবাজার-রায়গঞ্জ সড়কে বাড়ি ফিরছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের সুপারি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এলাকাবাসী তাদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান নয়ন মিয়া। রাতে হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা করা হয়েছে।