সিলেট অফিস
সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিন দিন আগে এক সিএনজি চালককে মারধরের ঘটনার জেরে শনিবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। স্থানীয়রা জানায়, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয় দুই গ্রামবাসী। এতে অর্ধশত লোক আহত হয়। খবর পেয়ে বিয়ানীবাজার চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে বিয়ানীবাজার থানা পুলিশ ও সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জাকির গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিয়ানীবাজার থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে রয়েছে।