লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে শুক্রবার মধ্যরাতে জেলেদের জালে সাত ফুট লম্বা একটি সামুদ্রিক মাছ ধরা পড়েছে। এর পিঠে পাখনা থাকায় জেলেরা ‘পাখি মাছ’ বলছেন। শনিবার সকালে জেলেদের কাছ থেকে এক ব্যবসায়ী মাছটি আড়াই হাজার টাকায় কিনে নেন। পরে স্থানীয়দের অনুরোধে মাছটি একই দামে তাদের কাছে বিক্রি করে দিলে ১০ জন মিলে ভাগ করে নেন। কমলনগর উপজেলা মত্স্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ বলেন, এটি সামুদ্রিক মাছ। পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলা হয়। লক্ষ্মীপুর জেলা মত্স্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, মেঘনায় পানি বাড়ায় সমুদ্র থেকে মাছটি চলে এসেছে।