মিশ্র ইভেন্টে রোমান-দিয়ার বিদায়

স্পোর্টস রিপোর্টার

আর্চারিতে রোমান সানা যখন যোগ্যতা অর্জন করে টোকিও অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন তখন হতেই আর্চারি ফেডারেশন রোমান সানার সঙ্গে একজন নারী আর্চারকে পাঠানোর চিন্তা-ভাবনা করে। একজন নারী অংশগ্রহণ করতে পারলে সে তার নিজের ইভেন্টে লড়বে। একই সঙ্গে মিশ্র ইভেন্টেও লড়াইয়ের পথ খোলা থাকবে। সেই সুযোগটাই নিতে চেয়েছিল ফেডারেশন। মিশ্র দ্বৈত রিকার্ভ ইভেন্টে রোমান সানা এবং দিয়া সিদ্দিকী লড়াই করে হেরে গেছে। গতকাল অনুষ্ঠিত লড়াইয়ে হেরে রিকার্ভ ইভেন্ট হতে বিদায় নিয়েছেন দুজনই।

এখন রোমান সানা ২৭ জুলাই আর ২৯ জুলাই দিয়া সিদ্দিকী ব্যক্তিগত ইভেন্টে লড়বেন। রিকার্ভ মিশ্র দ্বৈতে রোমান সানা ও দিয়া সিদ্দিকী শেষ ষোলয় জায়গা করে নিলেও তারা কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। গতকাল অনুষ্ঠিত প্রি-কোয়ার্টারে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হেরে এই ইভেন্ট হতে বিদায় নিয়েছেন বাংলার দুই আর্চার রোমান ও দিয়া।

 ইউমেনোস হিমাপার্ক আরচারি মাঠে প্রথম সেটে কোরিয়া স্কোর করে ৩৮ অন্যদিকে বাংলাদেশ করে ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া এগিয়ে থাকে ৩৫-৩৩ স্কোরে। তৃতীয় সেটে ভালোই ফাইট দিয়েছিল রোমানরা। কোরিয়ার ৩৯-এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮।

প্রথম সেটের প্রথম তিরটা বাংলাদেশের স্কোরবোর্ডে এনে দেয় আট পয়েন্ট। পরের তিরটায় এলো মাত্র পাঁচ। পিছিয়ে গেল বাংলাদেশ। পরের দুই তিরে  ৯ আর ৮। জবাবে চার তিরে দক্ষিণ কোরিয়ার দুই আরচার অ্যান সান ও কিম জে দিওক তুললেন ৩৮। তাতে শুনরি সেটের দুই পয়েন্ট যায় দক্ষিণ কোরিয়ার পকেটে। পরের সেটেও দ্বিতীয় তিরটাই ব্যর্থ করে দেয়। সেই তির থেকে এলো ছয়, ফলে বাকি তিন তির থেকে ২৭ তুলে নিলেও মোট স্কোরটা দাঁড়ায় মাত্র ৩৩। দক্ষিণ কোরিয়াও এই সেটেই যেন ছিল একটু নড়বড়ে। চার তির থেকে যথাক্রমে ৯, ৯, ৮ আর ৯ তুলেছিল। তবে তাই জয়ের জন্য যথেষ্ট ছিল কোরিয়ানদের জন্য, ৩৫ পয়েন্ট তুলে দ্বিতীয় সেটের দুই পয়েন্টও জিতে নেয় দলটি। তবে শেষ সেটে দুর্দান্ত লড়ে বাংলাদেশ। চার তিরে তুলেছে যথাক্রমে ৯, ১০, ৯ ও ১০; তাতে মোট স্কোরটা গিয়ে দাঁড়িয়েছিল ৩৯-এ। তবে দক্ষিণ কোরিয়াও লড়াইয়ে বিন্দুমাত্র ছাড় দেয়নি। তিনটি ১০ সহ চার তির থেকে সংগ্রহ করে ৩৯ পয়েন্ট। ফলে ৬-০ সেট পয়েন্টে জয় নিয়ে দক্ষিণ কোরিয়া চলে যায় কোয়ার্টার ফাইনালে। আর মিশ্র রিকার্ভ থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালে কোরিয়া লড়বে ভারতের বিপক্ষে।