স্পোর্টস ডেস্ক
ঘরের মাঠে ভারতের দ্বিতীয় সারির দলের কাছেও ওয়ানডে সিরিজ হেরে গেছে শ্রীলঙ্কা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সান্ত্বনার জয় তুলে নিয়েছে লঙ্কানরা। গত শুক্রবার দিবারাত্রির ম্যাচে ভারতকে ডিএল মেথডে ৩ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। জয়ের ছন্দ নিয়েই আজ টি-২০ সিরিজে খেলতে নামবে স্বাগতিকরা।
দুই দলের তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে আজ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে সিরিজের পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ জুলাই।
প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে খুব কাছে গিয়েও ৩ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। তৃতীয় ম্যাচে আগে ব্যাট করা ভারতকে ৪৩.১ ওভারে ২২৫ রানে অলআউট করে লঙ্কানরা। পৃথ্বী শ ৪৯, সাঞ্জু স্যামসন ৪৬, সূর্যকুমার যাদব ৪০, হার্দিক পান্ডিয়া ১৯ রান করেন। শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়া, জয়াবিক্রমা ৩টি করে, চামিরা ২টি উইকেট পান।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তাদের টার্গেট দাঁড়ায় ৪৭ ওভারে ২২৭ রান। ৩৯ ওভারে ৭ উইকেটে ২২৭ রান করে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। আভিস্কা ফার্নান্দো ৭৬, ভানুকা রাজাপাকশে ৬৫, আসালঙ্কা ২৪, রমেশ মেন্ডিস অপরাজিত ১৫, আকিলা ধনাঞ্জয়া অপরাজিত ৫ রান করেন। ভারতের রাহুল চাহার ৩টি, চেতন সাকারিয়া ২টি উইকেট নেন। শ্রীলঙ্কার আভিস্কা ফার্নান্দো ম্যাচ সেরা, ভারতের সূর্যকুমার যাদব সিরিজ সেরা হন। ভারত ২-১ এ ওয়ানডে সিরিজ জিতে যায়।