আফগান ওয়ানডে দলে ১৬ বছর বয়সি নুর

স্পোর্টস ডেস্ক

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। ওডিআই সুপার লিগের অধীনে সিরিজটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আইপিএলের কারণে ভেন্যু জটিলতায় পড়ে গেছে এ সিরিজ। কারণ একই সময়ে আমিরাতে হবে আইপিএল।

তাই আমিরাত থেকে সরাতেই হচ্ছে সিরিজটি। গতকাল ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আমিরাতের পরিবর্তে শ্রীলঙ্কার হাম্বানাটোটায় আগামী ১-৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। 

এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে চমক ১৬ বছর বয়সি বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমেদ। মাত্র দুটি লিস্ট-এ ম্যাচ খেললেও পিএসএল, বিগ ব্যাশে নিজের সামর্থ্যের ঝলক দেখিয়ে ডাক পেলেন নুর। নেতৃত্ব হারানোর পর এবার ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন সাবেক অধিনায়ক আসগর আফগান।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ দিয়েই নতুন অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির পথচলা শুরু হবে। দেশটির টেস্ট দলের অধিনায়কও এখন তিনি।

আফগানিস্তান ওয়ানডে দল:

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, ইকরাম আলিখিল, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, রশিদ খান, আব্দুল রহমান, নাভিন-উল-হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, নুর আহমেদ।