দেশে ফেরত আসা প্রবাসী কর্মীদের দক্ষ হিসেবে তৈরি করতে এবং তাদের উদ্যোক্তা মনোভাব বিকাশে যৌথভাবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং ব্র্যাক। দেশের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে কোভিড-১৯ রেসপন্স উদ্যোগের অংশ হিসেবে তারা এই উদ্যোগের ঘোষণা দিয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দুই বছর মেয়াদি এই প্রকল্পের নাম “কোভিড-১৯ রিকোভারি :এন্টারপ্রেনিওরশিপ ট্রেইনিং অ্যান্ড গেইনফুল এমপ্লয়মেন্ট ফর রিটার্নি মাইগ্রেন্টস অ্যাফেক্টেড বাই কোভিড-১৯ ইন বাংলাদেশ”। প্রকল্পটির আওতায়, কোভিড-১৯ দ্বারা ক্ষতিগ্রস্ত অভিবাসীদের জরুরি আগমন সহায়তা, প্রয়োজনীয় পরামর্শ, উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করে তাদের নতুন ব্যবসা শুরু করার জন্য বিজনেস অ্যাওয়ার্ড স্বরূপ অর্থ প্রদান করা হবে। অভিবাসীরা প্রাপ্ত অর্থ দ্বারা তাদের আর্থিক অবস্থান পুনর্গঠন করতে পারবেন।
১৮-৩৫ বছর বয়সি নারী ও তরুণদের এই সহায়তায় অগ্রাধিকার দেওয়া হবে। মহামারিতে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের ঘনত্বের অনুপাতের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের তিনটি জেলা—ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লার মানুষদের এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি