কোভিডের গুরুতর রোগীদের চিকিত্সায় পাঁচ প্রবাসী বাংলাদেশি চিকিত্সক ২৫০টি উন্নতমানের পোর্টেবল ভেন্টিলেটর পাঠিয়েছেন। গতকাল শনিবার রাতেই ভেন্টিলেটরগুলো দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. জিয়াউদ্দিন আহমেদের নেতৃত্বে এসব ভেন্টিলেটরের ব্যবস্থা করেছেন আরো চার প্রবাসী চিকিত্সক যুক্তরাষ্ট্রের ডা. মাসুদুল হাসান, ডা. চৌধুরী হাফিজ আহসান ও ডা. মাহমুদুল খান শামস বাপ্পী এবং কানাডার ডা. আরিফুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে এই প্রবাসী পাঁচ চিকিত্সক গুরুতর কোভিড রোগীদের চিকিত্সায় ব্যবহারের জন্য এসব ভেন্টিলেটর বাংলাদেশে পাঠিয়েছেন। ভেন্টিলেটরগুলো সমন্বয়ের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক ডা. এ বি এম আবদুল্লাহ। তিনি জানান, অনেক চিকিত্সা সরঞ্জামের সঙ্গে ভেন্টিলেটরগুলো ইতিমধ্যে দিল্লি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যেখানে প্রয়োজন যাবে। ডা. আবদুল্লাহ বলেন, সাধারণত আইসিইউতে ভেন্টিলেটর বসানো থাকে। কিন্তু নতুন এসব ভেন্টিলেটর সহজে বহনযোগ্য। যে কোনো জায়গায় আমরা এগুলো ব্যবহার করতে পারব। এমনকি অ্যাম্বুলেন্সেও ব্যবহার করা যায়।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এগুলো পাঠানো যাবে, যেখানে হয়তো আইসিইউ প্রতিষ্ঠা করা সম্ভব না। মানুষের অনেক কাজে আসবে। কোভিড চলে গেলে অন্য মুমূর্ষু রোগীর জন্যও আমরা এগুলো ব্যবহার করতে পারব। উপহার হিসাবে পাওয়া প্রতিটি ভেন্টিলেটরের দাম প্রায় ১৫ হাজার থেকে ১৬ হাজার মার্কিন ডলার বলে জানান তিনি।