ফতুল্লার পাগলায় প্রকাশ্যে যুবক খুন

ফতুল্লায় টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে ঝগড়া, এক পর্যায়ে সুইচ গিয়ার দিয়ে আঘাত করে, পরে স্থানীয়রা যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার দুপুর ১২টায় ফতুল্লার পাগলা লাবনী ফুড ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মাসুদ। তিনি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মো. রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় ঘাতক বন্ধু সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং তার পিতা আইয়ুব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে আসামি সোহেলকে গ্রেফতার করা হয়েছে। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। বিস্তারিত তদন্ত করে জানা যাবে। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক বন্ধু সোহেলকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য সোহেলের বাবা আইয়ুব আলীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাকিটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।