উদাসীনতায় করোনা পরিস্থিতি ভয়ানক হতে পারে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি পূর্ণ সতর্কতা বজায় রেখে চলমান বিধিনিষেধ প্রতিপালন করে সংক্রমণের উচ্চমাত্রাকে নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, লকডাউনে খেটে খাওয়া মানুষের জীবনের অনিশ্চয়তা বেড়ে যায়, তবুও জীবনের প্রয়োজনে জনস্বার্থে সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। তাই এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে সচেতন হতে হবে।

গতকাল শনিবার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জীবনের প্রয়োজনে সবাইকে ত্যাগ স্বীকার করে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অহেতুক কেউ বাইরে বের হবেন না। শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চললে বিধিনিষেধের প্রয়োজন হতো না। কিন্তু কারো কারো উদাসীনতা ও ঝুঁকি তোয়াক্কা না করে চলাফেরার কারণে সংক্রমণ পেয়েছে ঊর্ধ্বগতি। আমাদের উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে, তাই জনস্বার্থে এবং               জনজীবনের সুরক্ষায় শেখ হাসিনা সরকার এই কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে।’

সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি চলমান লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সব নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।