পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরি ‘শাহজালাল’-এর ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে শিবচর থানা পুলিশ। বাংলাবাজার ঘাট এলাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো তাকে আটক করা হয়নি। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ওসি মিরাজ হোসেন।
ওসি জানিয়েছেন, এখনো মাস্টারকে আটক করা হয়নি। যেহেতু একটি জিডি (সাধারণ ডায়ারি) হয়েছে, জিডি মূলে তার জিজ্ঞাসাবাদ চলছে। শিবচর থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়ার ঘটনায় রাত ১০টার দিকে শিবচর থানায় জিডি করেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের। জিডি নম্বর ৮৯১। জিডিতে ফেরি শাহজালালের ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা ও কোনো অবহেলা ছিল কি না, এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
ওসি মিরাজ হোসেন বলেন, থানায় জিডি হওয়ার পরে আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের স্বার্থেই রো রো ফেরি শাহজালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
প্রসঙ্গত, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে রো রো ফেরি শাহজালালের পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফেরির ২০ যাত্রী আহত হন। দুর্ঘটনার পরে সঠিকভাবে ফেরি পরিচালনায় ব্যর্থ হওয়ার অভিযোগে দুপুরে বিআইডব্লিউটিসি থেকে এক আদেশে মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে চেয়ারম্যানের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।