কো-ভ্যাক্সের আওতায় জাপান থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ডোজ করোনার টিকা গতকাল শনিবার ঢাকায় পৌঁছেছে। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই টিকা হস্তান্তর করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো। জাপান বাংলাদেশকে প্রায় ৩০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে। এর মধ্যে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ডোজ টিকা ঢাকায় আসলো।
বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাংবাদিকদের বলেন, ভবিষ্যতে করোনা টিকার আর কোনো সংকট হবে না। জাপান দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯-এর হুমকির সম্মুখীন হওয়া বাংলাদেশিদের জরুরি প্রয়োজন মেটাতে জাপান সরকার কো-ভাক্সের আওতায় বাংলাদেশকে প্রায় ৩০ লাখ ডোজ টিকা দেবে। জাপানের রাষ্ট্রদূত বলেন, এই করোনা ভাইরাসের মহামারিতে বাংলাদেশে অনেকেই এই অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অপেক্ষা করছেন। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে, টিকাদান খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। এটি একটি উপহার, যেটা এই মুহূর্তে জাপানি জনগণ বাংলাদেশের বন্ধুদের কাছে পৌঁছে দিতে চান। আমরা সবসময় আপনাদের পাশে আছি। এই ভ্যাকসিন সহায়তা কোভিড-১৯ এর বিস্তার রোধে এবং বাংলাদেশের মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।