সিলেট-৩ আসনের উপনির্বাচন পেছানোর সুযোগ নেই :সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় উপনির্বাচনের সকল কার্যক্রম বিধিনিষেধের আওতা বহির্ভূত। শনিবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট-৩ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন সিইসি।

তিনি বলেন, আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সিলেট-৩ আসনে ভোটগ্রহণ হবে ইভিএমে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ভোটগ্রহণের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্ব মেনে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল         শাহাদাত হোসেন চৌধুরী (অব.), সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.) বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন করতে সবকিছুই করছে কমিশন, এতে কারো কোনো সংশয়ের অবকাশ নেই।

সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেলে আসনটি ফাঁকা হয়।