করোনায় ঈশ্বরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

জানাজায় যাননি কোন মুক্তিযোদ্ধা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব উদ্দিন এর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। এই বীর মুক্তিযোদ্ধার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলেও জানাজায় কোন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, মরহুম মুক্তিযোদ্ধার কফিনে পুষ্পস্থবক অর্পন করার জন্য জানাযায় কোন মুক্তিযোদ্ধাকে পাওয়া যায়নি।

এব্যাপারে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার জানান, শারীরিক অসুস্থতার কারণে জানাজায় অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তবে গার্ড অব অনারের ব্যাপারে ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। জানাজায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ ও আব্দুস সালাম অংশগ্রহণ করার কথা ছিল।

বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, মুক্তিযোদ্ধাদের পিপিই না থাকায় কেউ অংশগ্রহণ করেননি। আমার পিপিই থাকলেও বৃষ্টির কারণে অংশগ্রহণ করতে পারিনি।