বরিশালে চাঁদার দাবিতে আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ

বরিশাল অফিস

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার কাকাসুরা এলাকায় আওয়ামী লীগ নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের ছোট ভাই রাসেল মুন্সী বৃহস্পতিবার রাতে বাসা থেকে তুলে নিয়ে কাগাশুরা বাজারে নির্যাতন চালায়।

নির্যাতনের শিকার চরবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানান, এ ঘটনায় থানায় ডায়েরি করলেও তাতে সঠিক তথ্য লিখতে পারেননি। তিনি বলেন, তাকে বাসা থেকে তুলে নিয়ে বেদম মারধরসহ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিলেও তা ডায়েরিভুক্ত করেনি থানা পুলিশ। বরং থানার ওসির কথা মতো কাগাশুরা বাজারের রাস্তার ওপর একা থাকা অবস্থায় মারধরের কথা লেখা হয়েছে। অথচ তাকে ধরে নেওয়া এবং যেখানে মারধর করা হয়েছে সেখানে লোকজনও এ ঘটনায় সাক্ষী দিতে পারবে।

তিনি বলেন, চাঁদার দাবিতে রাসেল মুন্সি ও তার সহযোগী সালাম ও মিলনের নেতৃত্বে কয়েকটি মোটরসাইকেল এসে আমাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর রাসেল মুন্সির কাছে আমাকে নিয়ে যাওয়া হলে বেধড়ক মারধর করে রাসেল। তবে মারধরের বিষয়টি অস্বীকার করে রাসেল মুন্সী জানান, কথা বলার জন্য খলিলকে ডেকে আনা হয়েছিল এর চাইতে বেশি কোনো ঘটনা ঘটেনি।

কাউনিয়া থানার ওসি মো. আজিমুল করিম সাংবাদিকদের জানান, বাদী নিজে অভিযোগ লিখেছেন। সেখানে যা ঘটনা ঘটেছে তা-ই তিনি লিখেছেন। পুলিশ সেই অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে। ওসি নিজে কাউকে অভিযোগ লিখে দেননি বা বাদীকে প্রকৃত ঘটনা আড়াল করতেও বলা হয়নি বলে দাবি করেন তিনি।