রাজধানীর কমলাপুর বিআরটিসির ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে ডিপোতে থাকা দুটি এসি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এসি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটির বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, গতকাল ৬টা ২৮ মিনিটে স্থানীয় লোকজন ফোন করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা জানান। আগুনের খবর পেয়ে দ্রুত ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা আগুন লাগার খবর জানতে পারি। এরপর দ্রুত আমরা ঘটনাস্থলে যায়। যেহেতু এটা একটা বড় বাস ডিপো যেজন্য আমরা হেড অফিসেরও সহযোগিতাও নেওয়া হয়। সেখান থেকেও গাড়ি পাঠানো হয়। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি আমরা। তিনি জানান, দুটি এসি বাসে আগুন লেগেছিল। একটি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যটির বডি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার কারণ সম্পর্কে তিনি বলেন, আমরা এখানে বিআরটিসির টেকনেশিয়ানের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এগুলো অত্যাধুনিক রানিং গাড়ি ছিল। হয়তো ব্যাটারিজনিত কোনো কারণে বা বিড়ি সিগারেটের আগুন থেকেও এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে বিআরটিসির প্রকৌশলী মাসুদ তালুকদার বলেন, আমি এখনো আগুন লাগার কারণ জানতে পারিনি। তবে এগুলো নতুন গাড়ি নয়। অনেক দিন ধরেই পড়ে আছে।