এমপি শান্তনুর সাসপেনশনের প্রতিবাদে বিরোধীদের পাশে চায় তৃণমূল কংগ্রেস

রাজ্যসভার এমপি শান্তনু সেনের সাসপেনশনের প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় আনতে চাইছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। গত শুক্রবার সংসদের বর্ষাকালীন অধিবেশন থেকে তৃণমূল এমপি শান্তনুকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। এরপরই প্রতিবাদে সরব হয় তৃণমূল সংসদীয় দল। নিজেদের সেই প্রতিবাদ কর্মসূচিতে বিরোধী রাজনৈতিক দলগুলোকেও পাশে পেতে চাইছে তারা।

তৃণমূল সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শান্তনুকে সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যসভার চেয়ারম্যানকে প্রতিবাদপত্র দিতে চলেছে তৃণমূল। সেই প্রতিবাদপত্রে তৃণমূল ছাড়াও অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোর রাজ্যসভার এমপিদের স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছে তারা।

তৃণমূলের সংসদীয় দলের নেতারা মনে করছেন, শান্তনু সেন পেগাসাস-কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে সাসপেন্ড হয়েছেন, তাতে বিরোধী রাজনৈতিক দলগুলোরও স্বার্থ জড়িত রয়েছে। তাদের মতে, পেগাসাস-কাণ্ডে যেমন নরেন্দ্র মোদি সরকারের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের চিত্র’ প্রকাশ পেয়েছে, তেমনি মোদি-অমিত জুটিকে চাপে ফেলার মোক্ষম সুযোগ পাওয়া গেছে। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না তৃণমূল। সূত্রের খবর, সমভাবাপন্ন বেশ কিছু দলের সঙ্গে প্রতিবাদপত্র দেওয়া নিয়ে আলোচনা হয়েছে তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিদের। বিরোধী নেতারা তৃণমূল নেতৃত্বকে জানিয়েছেন, তাদের দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেলেই তারা প্রতিবাদপত্রে সই করবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর হাত থেকে বিবৃতি লেখা কাগজ ছিনিয়ে নিয়ে তা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছিল শান্তনুর বিরুদ্ধে। সেই ঘটনায় তাকে সাসপেন্ড করা হয়।