এই সময়ের ছড়া
খালেদ হোসাইন
চরছে মাঠে গোরু মহিষ
ছাগল ভেড়ার পাল
পাখপাখালি উড়ছে, জলে
মাছও দিচ্ছে ফাল।
ছুটছে ঝরনা বইছে নদী
অনন্তকাল, নিরবধি
সূর্য ওঠে মেঘ ভেসে যায়
নীল পাহাড়ের গা ঘেঁষে যায়
প্রজাপতি ফড়িং নাচে
নিজস্ব তার তাল,
এসব খুবই পরিচিত
জানে মহাকাল।
এসেছে এক মহামারি
করছে খুবই বাড়াবাড়ি
সৃষ্টিসেরা মানুষকে খুব
করছে নাজেহাল।
এখন তারা বন্দি ঘরে
মনটা যেন কেমন করে
বদলে গেছে আগাগোড়া
জীবন তো নাকাল।
নিসর্গ আর পশুপাখির
স্বাধীনতা আছে
চলছে ফিরছে, গাইছে,
নাচছে
পুরনো সেই ধাঁচে
মানুষ শুধু বন্দি এখন
ছোট্ট একটা ছাঁচে।