মতিউর রহমান, দিনাজপুর
এক সময় গ্রামবাংলার মানুষের নির্ভরযোগ্য বাহন ছিল ঘোড়া ও গরুর গাড়ি। যান্ত্রিক বাহনের দৌরাত্ম্যে এখন বিলুপ্তির পথে এ বাহনগুলো। কিন্তু সেই ঘোড়ার গাড়িই এখন জনপ্রিয় হয়ে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাহমুদপুর ইউনিয়নে।
দেখা গেছে, এই ইউনিয়নে কৃষিজমি থেকে কাদাপানি ভেদ করে যান্ত্রিক বাহনগুলো চলতে পারে না। অথচ ঘোড়ার গাড়ি সেই সব স্থান থেকে অনায়াসে পণ্য বহন করে আনতে সক্ষম। ফলে কৃষিপণ্য বহনে এখন জনপ্রিয় হয়ে উঠেছে বিলুপ্ত প্রায় ঘোড়ার গাড়ি। মাহমুদপুর, ফতেপুর, নলেয়া, মধ্যম মাগুরাসহ আশপাশের প্রায় ৩০ জন এই গাড়ি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। ঐ ইউনিয়নের মাহমুদপুর দহপাড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে নুর ইসলাম জানান, একসময় তার বেকারির দোকান ছিল। কিন্তু ব্যবসা ভালো করতে না পেরে নিজেকে কৃষি শ্রমিক হিসেবে নিয়োজিত করেন। পরে গত দেড় বছর আগে ২০ হাজার টাকায় ঘোড়াসহ একটি ঘোড়ার গাড়ি কিনেন এবং ভাড়ায় কৃষিপণ্য বহন করে জীবিকা নির্বাহ শুরু করেন। এখন দিনে তিনি ৭০০ থেকে ৮০০ টাকা আয় করেন। প্রতিদিন ঘোড়ার খাবার বাবদ তার প্রায় ২০০ টাকা খরচ হয়। অবশিষ্ট টাকা দিয়ে তিনি তার পাঁচ সদস্যের পরিবারের জীবিকা চালান। ঘোড়ার খাবার ছাড়া বাড়তি কোনো খরচ নেই। অবসর সময়ে ঘোড়াটিকে কৃষিজমিতে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেন। তার গ্রামে আরো কয়েক জন এখন এ পেশায় রয়েছেন। তার প্রতিবেশী মো. নজমাল হোসেন একসময় কৃষি শ্রমিক ছিলেন, মো. মহির উদ্দিন ছিলেন ব্যাটারিচালিত ভ্যানচালক, মো. বসিরুল ইসলাম ছিলেন পাওয়ারট্রিলার চালক। এখন তারা পেশা পরিবর্তন করে ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সামসুল আলম জানান, কৃষিজমির কাদাপানি থেকে যান্ত্রিক কোনো বাহনে কৃষিপণ্য বহন করে আনা যায় না। আনলেও পড়তে হয় নানা বিড়ম্বনায়। ফলে আগে কৃষকরা মাথায় কিংবা কাঁধে করে মাঠ থেকে ফসল আনতেন। এখন অনায়াসে ঐসব স্থান থেকে ঘোড়ার গাড়িতে ফসল বহন করে আনতে পারছেন কৃষকরা। ফলে এলাকার কৃষকদের কাছে এ বাহনগুলোর চাহিদা তৈরি হয়েছে। দুই বছর আগে যেখানে তিন-চারটি গাড়ি ছিল এ এলাকায়। এখন বৃদ্ধি পেয়ে প্রায় ৩০০ দাঁড়িয়েছে। দিনদিন বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় মোগরপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক মো. মোখলেছার রহমান জানান, ঘোড়ার গাড়ি আমাদের দেশীয় ঐতিহ্য। প্রয়োজনের তাগিদেই পুনরায় এখন হারিয়ে যাওয়া সেই ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়েছে।