ফরিদপুরে ডিমওয়ালা মাছ নিধন

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা

ফরিদপুর উপজেলার খালবিল, নদনদী থেকে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা দেশি মাছ। আর এসব পোনা মাছ বিক্রি হচ্ছে স্থানীয় হাটবাজারে। এতে এসব মাছ একসময় হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। তারা জানায়, উপজেলার বড়বিলা, রতনপুর, কাউয়াগাড়া প্রভৃতি খালবিল এবং চিকনাই, রুকনাই গুমানী, বড়াল প্রভৃতি নদী থেকে কারেন্ট, চায়না, বাদাই ও ফাঁস জাল দিয়ে এক শ্রেণির জেলে বিভিন্ন মাছের পোনা ধরে বাজারে বিক্রি করছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, ইউএনও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এ ব্যাপারে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।