আটঘরিয়া (পাবনা) সংবাদদাতা
টানা দুই সপ্তাহের চলমান লকডাউনে ভালো নেই পাবনার আটঘরিয়া উপজেলার নিম্ন আয়ের মানুষ। ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, ভাড়ায় চালিত ভ্যান, ইজিবাইক চালকসহ স্বল্প আয়ের লোকদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। সামনে বেঁচে থাকার কোনো অবলম্বন খুঁজে পাচ্ছেন না তারা। এ পরিস্থিতিতে তাদের দুই বেলা ঘরে বসে যাতে খাবার জোটে সেজন্য সরকারের সহায়তা কামনা করেছেন। আটঘরিয়া পৌর এলাকার মোকসেদ আলী, আক্কাস আলী ও মোসলেম উদ্দিন জানান, লকডাউন শুরুর পর থেকে তেমন কোনো কাজ নেই তাদের। রোজগার না থাকায় সংসার চালাতে কষ্ট হচ্ছে। গত বছর লকডাউনে জনপ্রতিনিধিরা অনেকের বাড়িতে গিয়ে ত্রাণসহায়তা পৌঁছে দিলেও এবার দেখা নেই তাদের। পরিবার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। ফার্নিচার ব্যবসায়ী বিল্লাল হোসেন ও ইজাহার আলী জানান, কোভিড-১৯ হানা দেওয়ার পর থেকে ব্যবসা দীর্ঘদিন মন্দা যাচ্ছে। এ অবস্থায় পুনরায় লকডাউনে এখন দোকান বন্ধ থাকায় দারুণভাবে লোকসানে পড়তে হচ্ছে। এ লোকসান কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়।
আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন বলেন, পৌর এলাকার রিকশা-ভ্যানচালকসহ চায়ের দোকানদারদের প্রতি জনকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। অন্যদের জন্য ত্রাণসহায়তা পেলে পরবর্তী সময়ে তাদেরকে দেওয়া হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফুয়রা খাতুন জানান, লকডাউনে যারা বেকার হয়ে পড়েছেন পর্যায়ক্রমে তাদেরকে ত্রাণসহায়তা প্রদান করা হবে।