স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—নান্দুহার গ্রামের উজ্জল ও মকবুল হোসেন। এর আগে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে ছয় জনকে আসামি করে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। রাতেই অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। আসামিদের পিরোজপুর আদালতে পাঠানো এবং মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
শরণখোলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার
অভিযোগে গ্রেফতার ১
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শরণখোলায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ রবিবার সকালে আসামি আমিনুল ইসলাম মোল্লাকে (৩০) গ্রেফতার করেছে। শনিবার রাতে মেয়েটিকে বাড়িতে একা পেয়ে আমিনুল ইসলাম মোল্লা ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর চিত্কারে তার ভাই ছুটে আসলে আমিনুল পালিয়ে যায়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, কিশোরীর মায়ের লিখিত অভিযোগ পেয়ে রবিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি আমিনুল ইসলামসহ মেয়েটিকে জবানবন্দি দেওয়ার জন্য দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।