কুষ্টিয়ায় গ্রামে ছড়িয়ে পড়ছে করোনা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে। জেলায় শহরাঞ্চলের চেয়ে গ্রামেই সংক্রমণ বেশি। হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড ও করোনা শনাক্ত রোগীর প্রাপ্ত তালিকা থেকে এ তথ্য উঠে এসেছে। হাসপাতালে ভর্তি রোগীর বেশির ভাগই গ্রামের। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় সীমান্তের এ জেলায় সংক্রমণ বৃদ্ধি, জনস্বাস্থ্য ঝুঁকিসহ মৃত্যু হার কমছে না। কুষ্টিয়া সদর করোনা ডেডিকেটেড হাসপাতালের আরএমও ডা. আশরাফুল আলম জানান, কুষ্টিয়া সদরের করোনা ডেডিকেটেড হাসপাতালসহ পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দেড়/দুই দুই মাস যাবত্ করোনা রোগীর চাপ বাড়ছে। গত দুই মাসের পরিসংখ্যানে প্রতি ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা রোগী মারা গেছে গড়ে ১২/১৩ জন। শুধু গত পাঁচ দিনে কুষ্টিয়ায় মারা গেছেন ৬২ জন। তবে বাড়িতে চিকিত্সারত কিংবা স্বাস্থ্য জটিলতায় হাসপাতালে আসতে পথে যারা মারা যাচ্ছেন তারা থাকছেন সরকারি গণনার বাইরে। এসব মৃত্যুর সংখ্যাও কম নয়। তিনি আরো জানান, জেলায় করোনা শনাক্ত রোগীর মৃত্যু হার এখনো কমেনি। তবে সংক্রমণ স্থিতাবস্থায় রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণ রোধ করার বিকল্প নেই বলে তিনি জানান। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা কঠোরভাবে মানতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সংক্রমণ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন তিনি।