সংবাদ সংক্ষেপ

বাড়ির ছাদে শখের বাগান

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা বাড়ির ছাদে টবে লাগানো কমলার গাছে ঝুলছে সবুজ আর হলদে রঙের বড় বড় কমলা। শুধু কমলা নয় রয়েছে লাউ, লেবু ও মরিচের গাছ। এই দৃশ্য ধামইরহাট পৌরসভার কামরুন নাহারের বাড়ির ছাদের। উপজেলায় তার মতো অনেকেই ছাদের ওপরে তৈরি করছেন শখের বাগান। কামরুন নাহার বলেন, আমি ও আমার স্বামী মিলে আমাদের বাড়ির ছাদটিতে বাগান করে কাজে লাগিয়েছি। বর্তমানে নিজেদের চাহিদাও পূরণ করছি। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম বলেন, কিছু সচেতন মানুষ বাড়ির ছাদের ফাঁকা জায়গায় শখের বাগান শুরু করছে।

নওগাঁয় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি নওগাঁ সদরের শিকারপুর এলাকার পাটখেত থেকে উজ্জ্বল হোসেন (৩১) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর বিলের পাটখেত থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উজ্জ্বল হোসেন উপজেলার বিল ভবানীপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ঐ যুবককে হত্যা করা হয়েছে। লাশের পাশে সিগারেট, তারপিন ও কাচের টুকরা পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিরামপুরে ৯ জুয়াড়ি আটক

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা উপজেলার দুটি স্থান থেকে শনিবার রাতে জুয়া খেলার সরঞ্জাম ও টাকাসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার তাদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, উপজেলার দেবীপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৩ হাজার ১২০ টাকাসহ ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। একই রাতে পুলিশ কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ৬২ হাজার ৯০০ টাকাসহ তিন জুয়াড়িকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে রবিবার পালিত হয়েছে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। পানিতে ডুবে মারা যাওয়া প্রতিরোধকল্পে এ বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘যে কেউ পানিতে ডুবে যেতে পারি, সবাই মিলে প্রতিরোধ করি’। নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার জানান, প্রথম বার বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হয়েছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস।

করোনা সংক্রমণ প্রতিরোধে নজরদারি

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা ডামুড্যার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা শহরে করোনা সংক্রমণ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও পাশাপাশি চলছে মাস্ক পরার জন্য প্রচারণা। রবিবার সকাল ৭টা থেকে শুরু হয় এ কার্যক্রম। পাশাপাশি হাটবাজারে সরকারি বিধি অমান্য করায় জরিমানা ও মামলা দায়ের করা হয়। শরীয়তপুর জেলা এডিসি আবেদা আফসারীর সহযোগিতায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছাদুল হক, ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান সবুজ প্রমুখ উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন।

লকডাউন কার্যকরে প্রচারণা

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা হোমনায় লকডাউন কার্যকরে রবিবার পুলিশ শোভাযাত্রা, মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে। হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি আবুল কায়েস আকন্দ, ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল বারী নয়ন প্রমুখ।

নগদ টাকা ও খাবার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির পরিবারকে শনিবার বিকালে নগদ টাকা ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে এসব বিতরণ করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন নিহতদের বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের এ সহায়তা পৌঁছে দেন।

চৌদ্দগ্রামে ফ্রি অক্সিজেন সেবা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা চৌদ্দগ্রামে শনিবার রাতে আনন্দ সংঘের ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করেন আনন্দ সংঘের প্রতিষ্ঠাতা আল আমিন রাসেল। আনন্দ সংঘের কেন্দ্রীয় সমন্বয়ক মু. সফিউল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মো. এমদাদ উল্যাহ, আনন্দ সংঘের সমন্বয়ক তৌহিদুল আযম বাবু প্রমুখ।