ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো সুহিলপুর গ্রামের মহসিন মিয়ার মেয়ে তাবাসসুম আক্তার (৪) ও তারই প্রতিবেশী মানিক মিয়ার ছেলে ওমর মিয়া (৫)। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুরে তাবাসসুম ও ওমরসহ আরো এক শিশু বাড়ির উঠানে খেলছিল। হঠাত্ তাবাসসুম ও ওমরকে খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বাড়ির অদূরে সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের পুকুরের তলদেশ থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।