স্পোর্টস রিপোর্টার
অ্যাথলেটিকস ফেডারেশন তাদের দুই দেশের দ্রুততম মানব-মানবীকে বাদ দিয়ে ৪০০ মিটারের অ্যাথলেট জহির রায়হানের নাম চূড়ান্ত করেছে। সেই জহির গতকাল টোকিও গেছেন। জহিরের সঙ্গে জাপান গেছেন কোচ আবদুল্লাহ হেল কাফী ও অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু। আগামী ১ আগস্ট অলিম্পিক স্টেডিয়ামে ৪০০ মিটার স্প্রিন্টে হিটে নামবেন জহির।
টোকিও অলিম্পিকে সুযোগ পেয়ে চমক দেখিয়েছেন স্প্রিন্টার জহির রায়হান। কারণ দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার এবং দ্রুততম মানব ইসমাইলকে নেয়নি ফেডারেশন। সুযোগ পেয়ে অলিম্পিকে টাইমিংয়ের উন্নতি ঘটাতে চান তিনি। জহির সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অলিম্পিকে সুযোগ পাওয়াটা তার জন্য ভাগ্যের ব্যাপার। টোকিও অলিম্পিকে খেলতে যেতে পারছি, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। তাই চেষ্টা করব দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। আমার লক্ষ্য আমার ইভেন্ট ৪০০ মিটার স্প্রিন্টে টাইমিংয়ে উন্নতি ঘটানো।’
অ্যাথলেট জহির রায়হান ও কোচ আবদুল্লাহ হেল কাফি বিকেএসপি থেকে বিমানবন্দরে রওয়ানা হওয়ার সময় তাদের সঙ্গে ছবি তুলেন দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। টোকিওতে অ্যাথলেট জহির রায়হানের জন্য শুভ কামনা জানিয়েছেন শিরিন। তিনি বলেন, ‘ক্রীড়াবিদ ও কোচ সবার স্বপ্নই থাকে অলিম্পিকে অংশ নেওয়ার। জহির রায়হান, আমার কোচ আবদুল্লাহ হেল কাফী এবং আমি-আমাদের তিন জনের শিকড়ই বিকেএসপিতে। রিওতে আমার স্বপ্নপূরণ হয়েছে। এবার টোকিওতে স্বপ্নপূরণের পালা জহিরের। আমরা চাই অলিম্পিকে জহির যেন তার সেরাটা দিতে পারে। এই কোভিডের সময় তারা যেন সবকিছু সুন্দরভাবে শেষ করে দেশে ফিরতে পারে সেই কামনাই থাকল। এছাড়া আমাদের দেশ থেকে যারাই অলিম্পিকে অংশ নিচ্ছেন সবার প্রতি রইল শুভকামনা।’ অ্যাথলেটদের সঙ্গে একই ফ্লাইটে টোকিও রওয়ানা হয়েছেন সাঁতারের কোচ নিবেদিতা দাসও। সাঁতারু আরিফুল ইসলাম ১৭ জুলাই টোকিও পৌঁছলেও আরেক সাঁতারু লন্ডন প্রবাসী জুনাইনা আহমেদ পৌঁছেছেন রবিবার।