মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ------তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাপ সবসময়ই অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার। গতকাল রবিবার দুপুরে প্রগতিশীল ন্যাপের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের কেন্দ্রীয় আহ্বায়ক ও মওলানা ভাসানীর দৌহিত্র পরশ ভাসানীর সভাপতিত্বে অনলাইন আলোচনাসভায় মন্ত্রী ঢাকায় তার বাসভবন থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, তিনি ক্ষমতার জন্য নয়, রাজনীতি করেছেন মানুষের কল্যাণে। এই নির্মোহ জননেতার কাছ থেকে আমাদের রাজনীতিবিদদের অনেক শেখার আছে। প্রগতিশীল ন্যাপ দলটির জনমুখী কার্যক্রমের প্রশংসা করে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, ‘২০১৩-১৪-১৫ সালে যখন দেশে বিভীষিকাময় পরিস্থিতি তৈরির চেষ্টায় দিনের পর দিন মানুষকে অবরুদ্ধ করে রাখা হচ্ছিল এবং  পেট্রোল বোমায় ঝলসে শত শত মানুষকে হত্যা, হাজার মানুষকে দগ্ধ করা হচ্ছিল, তখন যে কয়টি রাজনৈতিক দল প্রতিবাদমুখর ছিল, প্রগতিশীল ন্যাপ তাদের অন্যতম।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী মহামারির এসময় অক্সিজেন পাঠানোর জন্য এবং আমদানির পাশাপাশি কয়েক লাখ টিকা উপহার হিসেবে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, এটি প্রকৃত বন্ধুত্বের উদাহরণ। একই সঙ্গে বাকি প্রতিশ্রুত টিকাও অচিরেই আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রগতিশীল ন্যাপের সদস্যসচিব মোহাম্মদ আলী কিসমতের সঞ্চালনায় দলের সহ-আহ্বায়ক মোহা. ইলিয়াস, যুগ্ম-আহ্বায়কবৃন্দ মো. বাবুল আহমেদ, মোহাম্মদ মনিরুল হাসান মনির, মৌসুমী দেওয়ান মিনু এবং জেলা প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নেন।

এদিকে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মো. তানভীর হোসেন চৌধুরী তপুর মাতা মোছা. রাজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।