যুক্তরাষ্ট্রের দেওয়া ত্রাণ আটকে দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর অনুরোধে যুক্তরাষ্ট্র এই ত্রাণ পাঠাচ্ছিল। তবে ত্রাণ প্রত্যাখ্যান করে মাদুরো যুক্তরাষ্ট্রকে তেলের ওপর আরোপ করা অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান।
মাদুরো যুক্তরাষ্ট্রের ত্রাণ প্রত্যাখ্যান করে বলেন, ভেনেজুয়েলার মানুষ ভিক্ষুক নয়।
গত বছর নির্বাচনে নিকোলাস মাদুরো দেশটির প্রেসিডেন্ট পদে ছয় বছরের জন্য নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনেন বিরোধী নেতা হুয়ান গুয়াইদো ও বিভিন্ন সংস্থা।
এরপর চলতি বছরের ২৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরকারবিরোধী এক বিক্ষোভের সময় বিরোধী নেতা হুয়ান গুয়াইদো বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবৈধ উল্লেখ করে নিজেকে নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। সেখানে শপথও নেন তিনি।
গুয়াইদোর এমন ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেন। এছাড়াও আরো কয়েকটি লাতিন আমেরিকান দেশও গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দেয়।
অন্যদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থনের কথা ঘোষণা করে রাশিয়া, চীন, তুরস্ক ও মেক্সিকোসহ আরো কয়েকটি দেশ। এরপর থেকে দেশটিতে চরম রাজনৈতিক সংকটের দেখা দিয়েছে।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রভাবশালী কয়েকটি দেশ মাদুরোকে আট দিনের মধ্যে নির্বাচন দেওয়ার আল্টিমেটাম দেয়। অন্যথায় বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার হুমকি দেয়। কিন্তু মাদুরো তৎক্ষণাৎ এমন আল্টিমেটাম প্রত্যাখ্যান করেন।
তারই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।
গুয়াইদোকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ভোট পড়ে ৪২৯টি আর বিপক্ষে ভোট পড়ে ১০৪টি।তবে ভোট প্রদানে বিরত ছিলেন ৮৮ জন সদস্য।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে গত বৃহস্পতিবার ভোটাভুটির বিষয়ে ইউরোপীয় সংসদের বিশেষ অধিবেশন বসে। ভোটাভুটির পর ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে ২৮টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত সরকারগুলোকে ভেনেজুয়েলায় অবাধ ও স্বচ্ছ নির্বাচন না হওয়া পর্যন্ত স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইদোকে একমাত্র বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানানো হয়।
আরো পড়ুন: উ. কোরিয়ার সঙ্গে দ্বিতীয় বৈঠকের ঘোষণা ট্রাম্পের
এরপর শনিবার আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির রাজধানী কারাকাসে হাজার হাজার সমর্থকদের উদ্দেশ্যে এ বার্তা দেন মাদুরো।
ইত্তেফাক/এসআর