রোগীর কথা বলে মাইক্রোবাসে ঢাকায় আসা সাত জনকে জরিমানা

বিশেষ প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধের মধ্যে গোপালগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে ঢাকায় আসেন সাত জন। ঢাকার প্রবেশপথ নয়াবাজার ব্রিজে এসে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তল্লাশির মুখে। তাদের দাবি ছিল, গাড়িতে একজন রোগী রয়েছেন। তবে সঠিক কারণ দেখাতে না পারায় গুনতে হয় ১ হাজার টাকা জরিমানা। গতকাল রবিবার দুপুরে পুরান ঢাকার নয়াবাজার মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া পারভীন।

অভিযান পরিচালনার সময় মাইক্রোবাসে অনেক মানুষ দেখে থামাতে বলেন তিনি। এক মাইক্রোবাসে এত মানুষ আসার কারণ জানতে চাইলে যাত্রীরা দাবি করেন, তারা মাকে নিয়ে চিকিত্সার জন্য হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে যাওয়ার জন্য এত মানুষ কেন? এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে না পারায় তাদের জরিমানা করা হয়।

মাইক্রোবাসের এক নারী যাত্রী জানান, তারা ঢাকাতেই থাকেন। সরকারি বিধিনিষেধের জন্য গণপরিবহন বন্ধ থাকায় তারা ঢাকায় আসতে পারছিলেন না। এ জন্য মায়ের চিকিত্সা ও ঢাকায় আসার জন্য মাইক্রোবাস ভাড়া করেছেন তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া পারভীন জানান, বিধিনিষেধের তৃতীয় দিন দুপুর পর্যন্ত ২১ জনকে জরিমানা করা হয়েছে। তাদের অধিকাংশই চিকিত্সার কথা বলেছে। তবে পর্যাপ্ত কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের জরিমানা করা হয়েছে। এছাড়া অকারণে অনেকেই বাইরে বের হচ্ছে। তাদেরও অর্থদণ্ডে দণ্ডিত করা হচ্ছে।