ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

ফতুল্লায় জাহিদ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জাহিদ বরিশাল জেলার রাঙ্গাবালী থানার জালাল মিয়ার পুত্র ও ফতুল্লা থানার আলীগঞ্জ মধ্যপাড়ার হযরত মিয়ার ভাড়াটিয়া। নিহত জাহিদ মাদকাসক্ত ছিল বলে স্থানীয়রা জানান। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ফতুল্লার আলীগঞ্জ মধ্যপাড়ার হযরত মিয়ার ভাড়াটিয়া বাসায়। নিহতের স্ত্রী সাথী (১৮) জানান, গত শনিবার দুপুরে স্বামী তার কাছে ৫০০ টাকা দাবি করে। তার নিকট টাকা নেই বললে তার স্বামী মায়ের নিকট থেকে টাকা চেয়ে আনতে বলে। তার মায়ের নিকটও টাকা নেই বলে জানিয়ে দেন। পরে একটি কাজে ঘরের বাইরে যান। সেখান থেকে ফিরে এসে তিনি দেখতে পান ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তার স্বামীর ঝুলন্ত দেহ। পরে লাশ নামিয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। রবিবার ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হয়ে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।